তালা প্রতিনিধি: ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে প্যানক্রাইসিস অপারেশনের পর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা তালার উপজেলার তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তানভীর তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। সে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু’বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে। পরিবার সূত্র জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্যানক্রাইসিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের এক দিন পারেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়। অবশেষে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালীন সময় না ফেরার দেশে পাড়ি জমান তানভির। ঢাকা থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আনা হয়। যোহরের নামাজ শেষে তালা সরকারি কলেজ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়ির সামনে দাফন করা হয়। তানভীরের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
