জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল থেকে ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান। এসময় তিনি বলেন, আমি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের সকল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। আমার ইউনিয়নে কোন মানুষকে ডেঙ্গু রোগে আক্রান্ত হতে দেবনা। ফিংড়ী ইউনিয়নের সকল মানুষকে আমি ভালবাসি, আমি ফিংড়ী ইউনিয়নকে ডেঙ্গু মুক্ত রাখব ইনশাল্লাহ। এজন্য তিনি ইউনিয়নের সকল জনগণের সহযোগিতা কামনা করেন। এসময় তার সাথে ছিলেন, ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক নেতা আলামিন রোকন। তিনি গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাভা দাখিল মাদ্রাসা, দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
