নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সর্ববৃহৎ হাট বাজার নওয়াবেঁকী বাজারের অলিগলি এখন এডিস মশার জন্মস্থানে পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে বাজারের সব জায়গায়। খোলপেটুয়া নদীর পশ্চিমকুলে অবস্থিত এই বাজারটি। প্রতিদিন বাজারের উদ্দেশ্যে স্থানীয় জনগণ, আটুলিয়া ইউনিয়নের জনগণ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বাজারমুখী ক্রেতারা ভিড় জমায় এ বাজারে। বাজারের ভিতরে অলিগলি থাকলেও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টিসহ ময়লা নর্দমায় পরিণত হয়েছে গত কয়েকদিনে। সাজানো-গোছানো বাজারটিতে ‘বাজার ব্যবস্থাপনা কমিটি’ থাকলেও নেই পরিচ্ছন্নতামূলক কোন কার্যক্রম। বাজার ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেট থাকলেও তার প্রয়োগ চোখে দেখা যায় না বলেও জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের জনৈক ব্যবসায়ী জানান, ‘বাজারের ভেতর বৃষ্টির পানি জমে এডিস মশার জন্মস্থানে পরিণত হচ্ছে। অপর এক ব্যবসায়ী জানান, ‘বাজারের পানি অপসারণের ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ পরিবেশে এডিস মশা বৃদ্ধি পাচ্ছে। বাজারের রাস্তায় জনসাধারণের চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। যে কারণে ক্রেতারা বাজারের ভিতরে প্রবেশ করছে না। বাজারের পানি অপসারণের কয়েকটি পাকা ড্রেন থাকলেও অদৃশ্য কারণে মাঝে মধে তা বন্ধ থাকে। পচা মাছ, গরু, ছাগলসহ মুরগির অপ্রয়োজনীয় বর্জ্য ড্রেনে ফেলার কারণে পানি পচে কালো রং ধারণ করে ভাগাড়ে পরিণত হয়েছে। এখান থেকেই বাড়ছে এডিস মশার বংশবিস্তার’। উপজেলার আটুলিয়া ইউনিয়নের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এ বিষয়ে স্থানীয় জনগণ, সচেতনমহল, বাজারগামীসহ বাজারের দোকানিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
