নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আব্দুল সালাম মোল্যা তার মেয়ে রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রুবিনা খাতুন’র (১৪) সাথে একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের সমজেদ গাজীর ছেলে বিল্লাল হোসেন’র (২৩) প্রায় দেড়মাস পূর্বে বিয়ে দেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিক ভাবে রুবিনা খাতুনকে ঘরে তুলে নেয়ার উদ্দেশ্যে মেয়ের পিতার বাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে উপস্থিত হন বিল্লাল হোসেন। বাল্যবিয়ের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। তবে আগে থেকে বিষয়টি বুঝতে পেরে মেয়ের পিতা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা এবং বর ও বরযাত্রী দ্রæত পালিয়ে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ও সরদার মোস্তফা শাহিন মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বিয়ের কাজী বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফুয়াদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
