আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বেচা-কেনার অপরাধে এক মুদি ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মালামাল বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। এ সময় ব্যবসায়ী কালিপদ মন্ডলের মুদির দোকান থেকে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস, বোতলজাত পানি, ফলের জুস, যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত মালামাল গুলি জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ আইনে উক্ত দোকান মালিককে এক হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার শালখালি গ্রামের বাড়ি বাড়ি হাজির হয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন এবং এলাকার মানুষের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।
ক্যাপশান : আশাশুনির শালখালি গ্রামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।
