এমএ মামুন, দেবহাটা: দেবহাটার সখিপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত সহ জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে উত্তর সখিপুর, সখিপুর বাজার, সখিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, আশার আলোর কার্যালয় এলাকায়, দক্ষিণ সখিপুর গ্রাম সহ সখিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমূহ বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, সাস’র সমন্বয়কারী শামিম হোসাইন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, হাফিজুর রহমান হাফিজ, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতি রানী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এসময় প্রতিটি বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে প্রত্যেক বাড়িতে নাম্বারিং করা হয়। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জানতে পারে উক্ত বাড়িতে ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা পরিদর্শন করেছেন। এছাড়া ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সখিপুর ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত উত্তর সখিপুর তরিকুল ইসলামের ছেলে তানজিন হোসেন (৭) ও দক্ষিণ সখিপুর গ্রামের অনুপম দাসের ছেলে অথৈ দাস (৮)কে দেখতে যান এবং ডেঙ্গু প্রতিরোধের তাদের পরিবার ও আশেপাশের এলাকার মানুষের মাঝে সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
