কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রতিবেশীর উপর হামলা ও জখমের ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সাইফুল ইসলাম উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের নাসির উদ্দীনের পুত্র। অভিযোগ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝাপাঘাট এলাকার সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, শরিফ হোসেন, ওমর আলীর পুত্র আব্দুর রশিদ ও আব্দুস সাত্তারের পুত্র আক্তারুল ইসলাম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার প্রতিবেশী মৃত জসীম সরদারের পুত্র আসাদুল ইসলাম ও নাত জামাই আনারুল ইসলামের উপর হামলা করে। এসময় গুরুত্বর জখম অবস্থায় স্থানীয়রা আসাদুল ও আনারুলকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় আহত আসাদুলের ভাই আব্দুর রহিম বাদী হয়ে কলারোয়া থানায় ৫ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত রবিবার (১৮ আগস্ট) থানায় অভিযোগের ভিত্তিতে মামলা আইনের মাধ্যমে এসআই সুবীর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঝাপাঘাট গ্রামের নাসির উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩০) কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান প্রক্রিয়াধীন রয়েছে।
