আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদক ব্যবসায়ী আরিফুলসহ বিভিন্ন মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে এসআই ফণীভূষণ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধহাটা গ্রামের আজেদের মোড় এলাকা থেকে নওয়াপাড়া গ্রামের মোবারক সরদারের ছেলে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এসময় তার দেহ তল্লাসি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাকে আসামি করে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০(০৮)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। একই রাতে এসআই সঞ্জীব সমাদ্দার গোদাড়া গ্রামের সবুর গাজীর ছেলে আশাশুনি থানার নিয়মিত ১৯(৮)১৯ নং মামলার আসামি আজিজ গাজীকে তার গ্রাম থেকে গ্রেফতার করে। এএসআই শাহ জামাল রাজাপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে জিআর-১০৪/০৯ নং মামলার আসামি রেজাউল মোড়লকে নওয়াপাড়া বাজার থেকে ও একসরা গ্রামের মনির উদ্দীন সানার ছেলে সিআর-৪৬/১৭ নং মামলার আসামি আব্দুস সাত্তারকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। রবিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
