সমীর রায়, আশাশুনি : আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত ১৮ জুলাই বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। এরমধ্যে ২০ জুলাই কলেজ ক্যাম্পাসে মানববন্ধন, ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সচিব বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার মাধ্যমে স্মারকলিপি প্রদান করার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন সমাধান না দেওয়ায় সেই থেকে ক্লাস বর্জন চলছে।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রনেতা তানভীর রহমান রাজ জানান, আমরা এগারো দফা দাবি নিয়ে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সমন্বয় করে কলেজের লেখা পড়ার পরিবেশকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত. অধ্যক্ষ মিজানুর রহমান কলেজে যোগদানের পর থেকে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত অর্থ আদায়, কলেজ আইডি কার্ড দেওয়া ও প্রত্যেক পরীক্ষার সময় প্রাক্টিক্যাল পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা, কলেজের সিনিয়র শিক্ষকদের কারণে অকারণে শো’কজ করানো সহ নানাবিধ দুর্নীতি করে চলেছেন বলে ছাত্র নেতৃবৃন্দের অভিযোগ।
