নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় কালিগঞ্জেও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের মৃত আরিফ গাজির ছেলে মোমিন গাজি (৪৫) ও ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী রিমা খাতুন (২২)। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জনান , কালিগঞ্জে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক সেল খোলা হয়েছে। এখন যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এসব রোগীদের শারীরিক অবস্থা ভালো আছে। ডেঙ্গু পরীক্ষার রাপিড কীট (এনএস-১) সরকারিভাবে আমাদের হাতে এখনও পৌঁছায়নি তবে জরুরী ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ২০ টি রাপিড কীট ক্রয় করে ছিল ইতিমধ্যে যার ১৭ টি ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান জানান, এ পরিস্থিতি মোকাবেলা করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনে বা রাতে মশারি টানিয়ে ঘুমাতে হবে। এছাড়া ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতে হবে যাতে এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করা যায়।
