বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালভাঙ্গায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৫ টায় গোয়ালভাঙ্গা মিতালী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত ইমারত হোসেন গোয়ালডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, সহ-সভাপতি মজিদ মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, গোয়ালডাঙ্গা আল আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরীফ, শিবপদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশ বিরোধী একটি কুচক্রী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন বদ্ধপরিকর। কোন অপরিচিত ব্যক্তি যদি এলাকায় ঘোরাঘুরি করে এবং তার প্রতি যদি কোন সন্দেহ সৃষ্টি হয় সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। সোশাল মিডিয়ায় এ ধরনের সংবাদে লাইক দেওয়া, শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম।
