সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ২০১৭ সালে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক যাচিত ‘ক’ প্রতিবেদনের মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই-বাছাই শুরু হয়েছে। সোমবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ও দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল আহাদের তত্ত¡াবধানে ২০১৭ সালে ‘ক’ প্রতিবেদন উল্লেখিত ১শ’৮৪ জন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে উপজেলার শোভনালী, কুল্যা, বুধহাটা ও দরগাহপুর ইউনিয়নের ৩৬ জন আবেদনকারি মুক্তিযোদ্ধাদের কাগজ পত্র ও স্বাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর (১৭ জুলাই) আশাশুনি ও শ্রীউলা, (১৮ জুলাই) খাজরা, (২২ জুলাই) বড়দল ও (২৩ জুলাই) আনুলিয়া, প্রতাপনগর ও কাদাকাটি ইউনিয়নের আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাই করা হবে।
