কালিগঞ্জ প্রতিনিধি: দু’সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন উপজেলার কুশুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী পিয়ার আলীর জামাতা ও তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের আবুল মোল্যার ছেলে মালেক মোল্যা (৪৫)। এঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী সোমবার (৮ জুলাই) কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
গৃহবধূ আছিয়া বেগম (৩৫) এর দাখিলকৃত জিডি সূত্রে জানা যায়, তিনি স্বামী ও একমাত্র কণ্যাকে নিয়ে কুশুলিয়া গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। গত ২৩/০৬/১৯ তারিখে সকাল ৬ টার দিকে তার স্বামী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। রাতে বাড়িতে না ফেরায় তিনি আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও স্বামীর সন্ধান পাননি। দু’সপ্তাহ যাবত স্বামী আব্দুল মালেক মোল্যার সন্ধান না পাওয়ায় অবশেষে থানায় সাধারণ ডায়েরী (নং-৩০৯, তারিখ: ০৮/০৭/১৯ খ্রি.) করা হয়েছে বলে জানান আছিয়া বেগম। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক লিটন হোসেন জিডি’র বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
