গাজী আল ইমরান, শ্যামনগর: ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তাদেরকে ফুল আর মিষ্টি দিয়ে বরণ করে নিলো শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মাগুরাকুনি গ্রামের শান্তনু কুমার মন্ডল ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর দেওল গ্রামের তুহিন হাসান। সাতক্ষীরা জেলা পুলিশ লাইন মাঠে তারা পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। তাদের উভয়ের ই পুলিশ তদন্ত রিপোর্টের দায়িত্ব পান শ্যামনগর থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর কে.এম তৌফিক আহমেদ টিপু। শুক্রবার (৫ জুলাই) বেলা ১১ টার তিনি বৃষ্টিতে ভিজে নিয়োগপ্রাপ্তদের নিজ গৃহে ফুল ও মিষ্টি নিয়ে আকস্মিক হাজির হন। এসময় পরিবারের সদস্যরা তার আগমনে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বিগত দিনে প্রথা ছিল, পুলিশ তদন্ত করতে গেলে নিয়োগপ্রাপ্তদের পক্ষ থেকে নগদ টাকা উৎকোচ হিসেবে নেওয়া হতো। কিন্তু এই পুলিশ কর্মকর্তা অতীতের প্রথাকে ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে তোলেন। এস.আই তৌফিকের এমন মহৎ কর্মে উপস্থিত সকলেই তার প্রশংসা করেন। এলাকাবাসীর ভাষ্যমতে এমন সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার যদি সারাদেশে থাকে তাহলে আমাদের দেশের পট পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না।
