ডেস্ক রিপোর্ট: স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতী খেলোয়াড় মুক্তিযোদ্ধা সাতক্ষীরা শহরের লস্করপাড়া মহল্লার আবদুল খালেক ওরফে হাজি খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —- রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ফুটবল খেলোয়াড় হিসেবে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ও স্বাধীন বাংলা ফুটবল দলকে বিশেষ সম্মাননা জানিয়েছিল বাফুফে।
শুক্রবার রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন। হাজি খালেক ছিলেন সাতক্ষীরা ফুটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তী খেলোয়াড় হিসাবে তিনি ছিলেন সবার অগ্রজ এবং সবার প্রিয়। তার মৃত্যুতে সাতক্ষীরার ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।
শনিবার কাটিয়া লস্করপাড়ায় নিজ বাড়ি ও সদর উপজেলার মাহমুদপুরে পৈতৃক বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই কিংবদন্তী খেলোয়াড়কে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমপি রবির শোক
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিবৃতিতে এমপি রবি বলেন, সাতক্ষীরাবাসী একজন মুক্তিযোদ্ধারা ও ক্রীড়া সংগঠন একজন দক্ষ খেলোয়াড় ও তাদের সহকর্মী ক্রীড়া জগতের উজ্জল নক্ষত্র প্রিয় মানুষকে হারালো। মরহুম হাজী আব্দুল খালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
জেলা ফুটবল এসোসিয়েশনের শোক
হাজী আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে জেলার ক্রীড়া সংগঠন একজন দক্ষ খেলোয়াড় ও তাদের সহকর্মী ক্রীড়া জগতের উজ্জল নক্ষত্র প্রিয় মানুষকে হারালো। সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণের এ ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়। বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ সাতক্ষীরা নেতৃবৃন্দ।
শনিবার বাদ আছর সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মরহুম আনোয়ার হোসেন আনুর কবর জিয়ারত এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এদিকে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় হাজী আব্দুল খালেকের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
