ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদে গাউনে ঝুঁকছে তরুণীরা

admin
May 26, 2019 9:40 pm
Link Copied!

আরিফুল ইসলাম রোহিত:   ঈদের আনন্দ যেন নতুন পোশাকেই। আর তাই রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই পোশাক নিয়ে পরিকল্পনা করতে থাকেন সবাই। তবে, মেয়েদের ক্ষেত্রে একটু ভিন্নতা তো থাকেই। এবারের ঈদে নানা রঙ, ডিজাইন আর বৈচিত্র্যে তৈরি হয়েছে মেয়েদের নতুন সব পোশাক। ঈদকে সামনে রেখে এরই মধ্যে রকমারি পোশাকের পসরায় সেজেছে সাতক্ষীরা শহরের শপিং সেন্টার আর বিক্রয় প্রতিষ্ঠানগুলো। যদিও গত বছরের তুলনায় খুব একটা পরিবর্তন আসেনি এবারের ঈদের পোশাকে। তবুও আগ্রহের কমতি নেই ক্রেতাদের।
সম্প্রতি সাতক্ষীরা শহরের বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায়, তরুণীদের পোশাকে এবার পাশ্চাত্য নকশার প্রাধান্য বেশি। বর্ষা ও গরমের কথা মাথায় রেখে পোশাকের মধ্যে সুতি, লিলেন ও জর্জেট কাপড়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। আর ফুলেল প্রিন্টের নকশার ব্যবহার তো আছেই। এছাড়া এবার আনারকলি কাট, ফোর পিস বা কামিজের সাথে ডিজাইনের ব্যবহারও দেখা যাচ্ছে। এর বাইরে মেয়েদের পোশাকে একটু ভিন্নতা আনতে সালোয়ার কামিজে ভারী কাজ থাকছে। হালকা কাজের কামিজের ওপর ভারী কাজের কটি বা সেরোয়ানি তো আছেই। এছাড়া সাধারণ সালোয়ারের সাথে চুড়িদার, ট্রাউজার বা প্লাজো পায়জামা ম্যাচিং করে কিনছেন ক্রেতারা।
শহরের চায়না বাংলা শপিং সেন্টারে গিয়ে দেখা যায়, নারী ক্রেতাদের উপচেপড়া ভীড়। একটা রেখে আরেকটা বেছে বেছে পছন্দমত পোশাক কেনার চেষ্টা করছেন ক্রেতারা। এখানে বিভিন্ন ধরণের সালোয়ার-কামিজ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রয় করা হচ্ছে।
এদিকে, মেয়েদের এবার পছন্দের তালিকায় নতুন করে যোগ হয়েছে ঢালী, গোবিন্দ, সিমুজি, গারারা, সারারা ও টপস পোশাক। বাহারী নামের পোশাকই যেন আলাদা কাটতি আনছে ক্রেতাদের মনে। তবে ঈদের বাজার অনেকটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের।
ঈদের পোশাক কিনতে আসা সাবিলা ইসলাম জানান, ঈদ এগিয়ে আসলে কাপড়ের দাম বেশি থাকে। তাই এবার আগে ভাগেই পোশাক কিনতে এসেছি। আমার প্রথম পছন্দ সালোয়ার কামিজ। তবে ঈদের এখনো কিছুদিন বাকি থাকলেও দাম বেশ বাড়িয়েই দিয়েছেন বিক্রেতারা।
শহরের রংধনু দোকানের বিক্রয়কর্মী মো. রাসেল জানান, এবারের ঈদে গারারা, সারারা, প্লাজো, গাউন পোশাকের চাহিদা মাথায় রেখে দোকানে আনা হয়েছে। প্রতিটি গারারা ড্রেস সর্বোচ্চ ১৫ হাজার টাকা, গাউন ২০ হাজার টাকা, প্লাজো ১০ হাজার টাকা ও সারারা ১০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
এদিকে, শাড়ির দোকানগুলোতে গিয়ে দেখা গেছে বিভিন্ন বয়সী নারীরা তাদের পছন্দের শাড়ি ক্রয় করছেন। এবারের ঈদে শিফন, কাতান, বেনারসি, কানছিকুমার শাড়ির চাহিদাও রয়েছে।
পালকি শাড়ি হাউজের বিক্রয়কর্মী জানান, একটি শিফন শাড়ি সর্বোচ্চ ১২ হাজার টাকা, কাতান শাড়ি সর্বোচ্চ ১৫ হাজার টাকা, কানছিকুমার শাড়ি সর্বোচ্চ ২৫ হাজার টাকা, বেনারসি ৩০ হাজার টাকা, শামুক সিল্ক ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাধারণ মানের সিল্ক, তাঁত ও জর্জেট শাড়ি বিক্রয় করা হচ্ছে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা দামে।
ক্রেতারা বলছেন, গরম আবহাওয়ায় সবাই চায় পোশাক পরে যেন স্বস্তি পাওয়া যায়। আর তাই এবার সবার পছন্দের সুতি ওড়না ও শিফনের জর্জেটের ওড়না বেশ বিক্রি হচ্ছে। দোকানভেদে এসব ওড়নার দাম রাখা হয়েছে তিনশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। বাটিকের থ্রিপিসগুলো পাওয়া যাচ্ছে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে।
তবে এবার তরুণীরা গাউন পোশাকেই বেশি ঝুঁকছেন। জায়গা ভেদে এসব গাউনের দাম আড়াই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত। অনেকে আবার গজ কাপড় কিনে নিজের ইচ্ছেমত ডিজাইনে গাউন বানাচ্ছেন। গজ কাপড়ের বিপণী-বিতানগুলোতেও রয়েছে উপচেপড়া ভীড়।
তবে এবার ঈদে নানা রঙয়ের নানা ডিজাইনের শাড়ির সাথে যোগ হয়েছে হিজাব। নারীদের ফ্যাশনে এনে দিয়েছে ভিন্নমাত্রার নান্দনিকতা। নারীদের এই হিজাব ফ্যাশনকে গুরুত্ব দিয়ে তৈরি নানা ডিজাইনের হিজাব বিক্রি হচ্ছে ধুমছে।
চায়না বাংলা শপিং সেন্টারের বিক্রয় কর্মী আলিফ জানান, এবারে মেয়েদের ঈদ পোশাকের ডিজাইনে খুব একটা পরিবর্তন নেই। তবে কিছু ভিন্নতা তো থাকছেই। বিশেষ করে আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদের পোশাক কিনছেন ক্রেতারা। মেয়েদের ঈদের পোশাক হিসেবে থাকছে সালোয়ার-কামিজ, টপস, শাড়ি, সিঙ্গেল কামিজসহ নানা ধরনের পোশাক। গরম এবং বর্ষা এই দুই মিলিয়ে এবারের ঈদ। তাই এবারের ঈদে সাদা, নীল, বেগুনি, অ্যাশ, ডিপ কমলা, অফ হোয়াইট, মেজেন্ডা রঙয়ের কাপড় প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।