ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টার এই পতাকা বৈঠকে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আব্দুল হান্নান খান, ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবুর রহমানসহ বিজিবির ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেয়।
অন্যদিকে, বিএসএফ’র ১৫৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরেন্দ্র সিং এর নেতৃত্বে বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট হারজিনদার কুমারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠকের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, পতাকা বৈঠকে সীমান্তে হত্যা/আহত, মাদকদ্রব্য চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, মানব পাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেছে।
