কলারোয়া প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী তুষার হোসেনের ডান হাতের চারটি আঙ্গুল কেটে নিয়েছে উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস। শনিবার (১৮ মে) দুপুরে কলারোয়া পৌর শহরে এ ঘটনা ঘটে। তুষার কলারোয়া উপজেলার পাটুলিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে। আহতের বাবা মুনসুর গাজী জানান, উপজেলার পাটুলিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে আমাদের সাথে বিরোধ চলছিল জনৈক মন্টু’র। এরই জের ধরে দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েলসহ কয়েকজন নেতা-কর্মীরা তুষারকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙ্গুল কেটে নেয় এই নাইস। এসময় তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার স্পেশালাইজড হাসপাতাল শ্যামলীতে স্থানান্তর করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একখ- জমি নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও তুষার ইলেকট্রনিক্সের মালিক তুষার ও স্থানীয় মন্টুর মধ্যে বিরোধ চলছিল। সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মেহেদি হাসান নাইসের নেতৃত্বে নেতা-কর্মীরা মন্টুকে ওই জমির দখল বুঝিয়ে দেয়। ওসি আরও জানান, এসময় তুষার বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে ও রামদাঁর কোপ দিয়ে চার আঙ্গুল কেটে নেয় নাইস। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের কথা জানিয়েছেন। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
