নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, মা একটি ছোট শব্দ। তবে মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আর তেমনি একজন সন্তানের কাছে মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। একজন সুশিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।
বৃহস্পতিবার (১৬ মে) কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার একমাত্র চাওয়া আমাদের সন্তানেরা যেন থাকে দুধেভাতে। তারা হয়ে উঠুক এক একটি ফুল। তাদের সৌরভে ভরে উঠুক এই প্রান্তর।
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের নলতা আহছানিয়া দারুল উলুম মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার ব্যবস্থাপকীয় পর্ষদের সভাপতি মুনসুর আহমেদ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন টাইমস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. জাহানারা বেগম, ঢাকা ওয়াসার প্রাক্তন এম. ডি. প্রকৌশলী ড. কাজী আলী আজম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি নজরুল ইসলাম, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, অধ্যক্ষ শেখ মো. শাফিউল্লাহ হাবিবী, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
