ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, পঁচা গরুর মাংস, মোটর সাইকেল, বাই সাইকেল, ডন হিল সিগারেট, চা পাতা এবং জুতা জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী থেকে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ হাজার ৫০০ টাকা মূল্যের এক বোতল ভারতীয় মদ, শুক্রবার সকালে একই বিওপি’র সদস্যরা বাঁশকল পাঁকা রাস্তার উপর থেকে ১৬ হাজার টাকা মূল্যের ০৫ কার্টুন ভারতীয় ডন হিল সিগারেট ও ভোমরা পাঁকা রাস্তা থেকে ৪৯ হাজার ৬০০ টাকার ১২৪ জোড়া ভারতীয় জুতা জব্দ করে।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা রাজ্জাকের মোড় থেকে ২২ হাজার ৪০০ টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ লক্ষ টাকা মূল্যের একটি মোটর সাইকেল জব্দ করে।
অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঝাউডাংগা ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মাঠ থেকে ১২ হাজার টাকার ৪০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। একইদিন দুপুর ১ টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা দাসপাড়া থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস ও শুক্রবার সকাল ৯টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী পাঁকা রাস্তা থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
