জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগের জন্য কলারোয়ার জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারে বিদ্যুতের সাব জোনাল অফিসের তত্ত্বাবধানে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু হয়েছে। যেখানে জয়নগর ইউনিয়নের মানুষের বাড়িতে পৌঁছে যাবে মাত্র ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ। এ যেন সত্যিই স্বপ্ন।
পল্লী বিদ্যুত মিটারিং কার্যক্রম এর আওতায় উপজেলার সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার পৌঁছে দেয়ার এই কার্যক্রম শুরু করেছে।
এ ব্যাপারে সরসকাটি পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের ইনচার্জ নাছির উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। তার এই মহতি উদ্যোগকে মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দিনরাত পরিশ্রম করে চলছি।
তিনি আরও বলেন, আলোর ফেরিওয়ালা তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আলোর ফেরিওয়ালার মাধ্যমে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিষয়ে তিনি জানান, বাণিজ্যিক মিটার ৮শ টাকা এবং আবাসিক মিটার ৪শ টাকার বিনিময়ে সংযোগ দেওয়া হচ্ছে।
