ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণী দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা অনেক আগেই ফণীর গতি প্রকৃতি বুঝতে পারায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ নিরাপদ ছিল। ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের যেন কোন সমস্যা না হয়, সেজন্য প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় আছে, ততদিন বাংলার অসহায় গরীব দুঃখী মানুষ কষ্ট পাবে না। ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ চায় না তারা দুযোগ মোকাবেলায় মজবুত বেঁড়িবাধ চাই। খুব শীঘ্রই জেলার সকল বেঁড়িবাধ মেরামত করা হবে এবং দুর্যোগ মোকাবেলায় ১০০ সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
এসময় সদরের ধুলিহর ইউনিয়নের ২শ’ জন অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল, ৫০ জন কে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।
