ডেস্ক রিপোর্ট: ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথযাত্রী আমরা’ স্লোগানকে সামনে রেখে জঙ্গী, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত সুন্দর সাতক্ষীরা গড়ার লক্ষ্যে তৃণমূল জনপ্রতিনিধিদের মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নৌ-কামন্ডো মীর মোস্তাক আহমেদ রবি।
বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের কামালনগরস্থ লেকভিউ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি রবি বলেন, জেলাবাসীর ভাগ্যোন্নয়নে জনগণের সেবক হিসেবে তৃণমূল জনপ্রতিনিধিসহ সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এটা শুধু আমার একার চাওয়া নয়, জেলাবাসীর চাওয়া। বাংলাদেশের মধ্যে আমাদের সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলা থেকে সরকার যে রাজস্ব পায় তার সিকি অংশও সাতক্ষীরার উন্নয়নে ব্যয় হয় না। এ জেলা অন্যান্য জেলা থেকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সেই উন্নয়নের ধারাবাহিকতায় সাতক্ষীরার উন্নয়নে নাভারণ টু-মুন্সিগঞ্জ রেল লাইন, ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করা, সাতক্ষীরায় ইকোনোমিক জোন, সুন্দরবনে ট্যুরিস স্পট, সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন, বিশ^বিদ্যালয় স্থাপন, বিনেরপোতা হয়ে আশাশুনি ব্ইাপাস সড়ক নির্মাণ, বেতনা নদী পুনঃখনন, প্রাণসায়ের খালকে নান্দনিক রূপে গড়ে তোলা, জেলার প্রাচীন ঐতিহ্য পুরার্কীতি সংরক্ষণসহ জঙ্গীবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত করে মডেল সাতক্ষীরা গড়তে জেলার সকলের সমন্বিত উদ্যোগ একত্রিত করে এগিয়ে যেতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, লাবসা ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, আলিপুর ইউপি সদস্য সলুদা বেগম, সখিপুর ইউপি সদস্য আলতাফুননেসা, বাঁশদহা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সাতক্ষীরার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্ট, ২১ আগস্টের সকল শহিদ ও সম্প্রতি জঙ্গী হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরাবতা পালন করা হয়। এসময় জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
