কালিগঞ্জ প্রতিনিধি: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাত থেকে জান-মাল রক্ষা ও দুর্যোগকালীন সময়ে করণীয় নির্ধারণ করতে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার পাশাপাশি উপজেলার সকল ইউনিয়নে র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ মে) উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জনগণকে সচেতন করতে বিকেল ৫টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, থানা ও উপজেলার কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সদস্যবৃন্দ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল র্যালি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।
থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, উপজেলার ১২ ইউনিয়নের ১৬টি সাইক্লোন শেল্টারে ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসরত ব্যক্তিবর্গ ও পশুকে আশ্রয় দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষকে রাখার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ধলবাড়িয়া প্রতিনিধি জানান, ধলবাড়িয়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী। তিনি বলেন, আশ্রয়ের জন্য ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, বাহাদুরপুর সাইক্লোন শেল্টার, ডিআরএম আইডিয়াল কলেজ, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়, উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান।
কৃষ্ণনগর প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ফণির আঘাতের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত সভায় ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে জনসাধারণকে সতর্ক করতে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন (লাকী) প্রমুখ।
