ফাহাদ হোসেন: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। তাই রাষ্ট্রের ভিত্তি মজবুত রাখতে সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। একদিকে আমাদেরকে যেমন হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। তেমনি সরকারকেও সাংবাদিকদের উপর চাপিয়ে দেয়া আইন বর্জন অথবা শিথিল করতে হবে। এজন্য ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সাতক্ষীরা সার্কিট হাউজের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আইন ও আচরণবিধি সম্পর্কিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আরও বলেন, সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনা হবে। অপসাংবাদিকতা পরিহার করে রীতিনীতির মধ্যে আসতে হবে। সকলকে আইন ও আচরণবিধি মেনে চলতে হবে। এরই মধ্যদিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছেন উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ এই নয় যে, অসত্য বিষয়কে সত্য হিসেবে দাড় করাতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের যুগ্মসচিব মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. ওমর ফারুক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল ও সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুতমিশ।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাক্ষ আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, এম কামরুজ্জামান, ড. দিলিপ কুমার দেব, মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।
