ডেস্ক রিপোর্ট: ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ ডা. জাহিদা আক্তারের সভাপতিত্বে ও ডা. আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বোর্ড সদস্য ডা. মো. আনিছুর রহমান মিন্টু, দাতা সদস্য একে সাইফুল্লাহ খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফিফা রেফারি মো. তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডা. ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ সালে ১০ এপ্রিল জার্মানির মিসেন নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৭৭৮ সালে অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে ১৭৯০ সালে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার ও প্রচলন করেন। ফলে চিকিৎসা বিজ্ঞান কুসংস্কারমুক্ত, প্রাকৃতিক নিয়মনীতি নির্ভর, আরোগ্যকারী ও বিজ্ঞানমুখী চিকিৎসায় উন্নীত হয়। চিকিৎসা বিজ্ঞানে শুচিত হয় নতুন যুগের। তার আবিষ্কৃত এই সদৃশ চিকিৎসা পদ্ধতিকে তিনি ১৭৯৬ খ্রিস্টাব্দে হোমিওপ্যাথি নাম দেন। ডা. হ্যানিম্যানের নির্দেশিত পথে আরও বেশি নিবেদিত হয়ে রোগীকে আদর্শ আরোগ্য করাই হবে হোমিওপ্যাথিক চিকিৎসকদের লক্ষ্য ও উদ্দেশ্য।
