ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এক কলেজ ছাত্র।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের শেখ হেলাল।
লিখিত বক্তব্যে হেলাল বলেন, তাদের সাথে প্রতিবেশি শেখ মুজিবর রহমানের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলার রায়ে শেখ হেলাল পরিবার ডিক্রি লাভ করে। সে অনুযায়ী তারা ওই জমিতে ভোগ দখলে রয়েছেন। কোবালা দলিল বুনিয়াদে কালিগঞ্জ সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে শেখ হেলাল পরিবার দুই দফা ডিক্রি পায়। বিবাদী পক্ষ আপিল করলেও তারা ডিক্রি লাভ করেন। বর্তমানে সেটলমেন্ট জরিপে ডিএস এবং আর এস রেকর্ডও লাভ করেন শেখ হেলালের পরিবার।
লিখিত বক্তব্যে শেখ হেলাল বলেন, গত ১৯ এপ্রিল ওই জমির পুকুর থেকে ধান ক্ষেতে পানি সেচ দেওয়ার সময় বাধা দেয় একই গ্রামের আশরাফ আলি, শোকর আলি, শেখ বাবুল, শেখ হাসেম আলি ও লাইলি বেগম। তারা তাদেরকে গালিগালাজ করে। তাদের শ্যালো মেশিন বন্ধ করে দেয়। তারা পুকুরে নামতে নিষেধ করে। তিনি জানান, শেখ হেলালের দাদা শেখ আবু তাহের এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। পুলিশ দুই পক্ষকে ডাকলেও প্রতিপক্ষ তাদের সমর্থনে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
শেখ হেলাল অভিযোগ করে বলেন, গত ২৫ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন তার নিজের মুদি দোকানে এসে প্রাণ নাশের হুমকি দিয়ে গেছে। এই পুকুরে এলে তাদের পুতে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমনকি মিথ্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে। তারা শেখ হেলালের গলার কলার ধরে দোকান থেকে টেনে বের করে এনে মারধর করে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শেখ হেলাল এর প্রতিকার দাবি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান। তিনি বলেন, আমি এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি।
