তালা প্রতিনিধি: তালায় খলিলুর রহমান নামে এক সংবাদকর্মীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার খানপুর গ্রামে ১৩৫ বিঘা মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘের মালিক মো. খলিলুর রহমান উপজেলার কেসমত ঘোনার মৃত সিরাজুল ইসলাম শেখের ছেলে ও তালা প্রেসক্লাবের সদস্য। খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে মাছ ভাসতে দেখে এলাকাবাসী তাকে খবর দেয়। তিনি সেখানে পৌঁছানোর আগেই রুই, সিলভার, মৃগেল, শোল, চিতল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ঊর্ধ্বে ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তবে রাতের আধারে কে বা কাহার তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে এমন ক্ষতি করেছে সে বিষয় খলিলুর রহমান নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি আমি জানি না। তবে এমন ঘটনার প্রেক্ষিতে লিখিত আবেদন করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
