স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটিতে ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন করে তা তাৎক্ষণিক সংস্কারের নির্দেশ দিয়েছেন নব-নির্বাচিত শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
পদ্মপুকুরের কামালকাটি গ্রামে খোলপেটুয়া নদীর ওয়াপদায় ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ নজর না দেওয়ায় বৃস্পতিবার (২৫ শে এপ্রিল) বিকাল ৫টায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।
এ সময় তিনি মুঠোফোনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কে বিষয়টি অবহিত করে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এস.ওকে তাৎক্ষণিক সংস্কারের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
তার সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাশিদুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
পরে এস.এম আতাউল হক দোলন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এখানে ভাঙন দেখা দিয়েছে। ৩০০ ফুট রাস্তার অবস্থা খুবই নাজুক। যেকোন সময়ে তীব্র জোয়ারে তা ভেঙে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
