ডেস্ক রিপোর্ট: আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আইন সেবা নিশ্চিতকরণে এ আদালত বিশেষ ভূমিকা রেখে চলেছে।
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজের হলরুমে অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সমন্বয় সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ সরকার, ইউরোপিয়ন ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক সহায়তায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় অনুষ্ঠিত এ সভায় তালা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গ্রাম আদালতের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, গ্রামে অনেক ছোট খাটো ঘটনা ঘটলেও এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন। সে ক্ষেত্রে তাদের অনেক সময় ও অর্থ ব্যয় হয়। এতে করে তারা আরো সমস্যায় জড়িয়ে পড়েন। এ জাতীয় ছোট-খাট সমস্যা স্বল্পসময়ে, অল্প খরচে গ্রাম আদালতেই নিষ্পত্তি করা যায়। আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের বিকল্প নেই। বর্তমান সরকার গ্রাম আদালত কার্যকর করতে অঙ্গীকারবদ্ধ ও সক্রিয়। আসুন আমরা সবাই মিলে গ্রাম আদালতকে কার্যকর করে তুলি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা থানাতে যাতে আর না নেয় তার জন্য কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রতিটি থানা এবং পুলিশ ফাড়িতে কার্যকরী নোটিশ প্রদান করা হবে।
সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার বলেন, উচ্চ আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালত কার্যকরী করার বিকল্প নেই। তিনি আরো বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা কোর্টে আসলে তা গ্রাম আদালতেই প্রেরণ করা হবে। গ্রাম আদালত সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে সারসরি যোগাযোগ করা যাবে।
সভায় উপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান দাবি করেন, গ্রাম আদালতকে কার্যকরী করতে হলে আইনের কিছু বিষয় সংশোধন এবং সংযোজন করতে হবে। বিশেষত সমনে বাদী হাজির না হলে তার যথার্থ প্রতিকার, টাকার এখতিয়ার বৃদ্ধি, জমির মূল্যের পরিবর্তে পরিমান প্রভৃতি বিষয় সংশোধন করা জরুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এমএম মাহমুদুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি সকল চেয়ারম্যানকে বাজেটে গ্রাম আদালত বিষয়ে বরাদ্দ রাখার আহবান জানান ও ইউনিয়ন তথ্য বাতায়নে গ্রাম আদালতের তথ্য নিয়মিত আপডেট করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্পের ডিএফ এসএম রাজু জবেদ।
তিনি জানান, গ্রাম আদালতে এ পর্যন্ত ৫০৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৯৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বক্তব্য রাখেন আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন, মতিয়ার রহমান, বখতিয়ার আহম্মেদ, আব্দুল আলিম প্রমুখ।
