ডেস্ক রিপোর্ট: মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ সাম্প্রতিককালে ঘটে যাওয়া সকল নারী হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন শীল, অ্যাড. অনিত মুখার্জী, জাসদ নেতা সুধাংশু সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা তুলে না নেওয়ায় ফেনী জেলার সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সেলিনা গোমেজ, মামনি দেবসহ কয়েকজন নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই সাথে সাতক্ষীরা সদরের আখড়াখোলা বাজারের পাঁচটি পরিবারের জমি দখলের চেষ্টা চলছে। কিন্তু একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না।
বক্তারা এসব ঘটনাসহ দেশজুড়ে সংঘটিত নারী নির্যাতন ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
