শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পাচারকালে দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলা সদর সংলগ্ন বাস টার্মিনাল হতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা আলম তাদের উদ্ধার ও পাচারকারীদের আটক করেন।
আটক পাচারকারীরা হলেন, উপজেলার নাপিতখালি গ্রামের রুহুল আমীন গাইনের ছেলে আমিনুর রহমান, হযরত গাজীর ছেলে শাহাদাত গাজী ও তার বোন করুনা খাতুন।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা গাবুরা ইউনিয়নের নাপিতখালি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে একজন স্থানীয় চাদনীমুখা পিজে আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ও আরেকজন ৭ম শ্রেণির ছাত্রী।
উদ্ধার হওয়া দুই ছাত্রী জানায়, করুনা খাতুন গার্মেন্টসে মোটা বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের ফুসলিয়ে নিয়ে গাবুরা খেয়াঘাট থেকে লঞ্চ যোগে খুলনা হয়ে পাবনায় ইট ভাটায় নিয়ে আটকে রাখে।
পাচারের বিষয়টি বুঝতে পেরে তারা কৌশলে মোবাইল ফোনে বাড়িতে জানালে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়। থানা পুলিশের এসআই মোস্তফা আলম পাচারকারী করুনার বড় ভাই শাহাদাত হোসেন ও অপর সহযোগী আমিনুরকে আটক করে ২৪ ঘণ্টার মধ্যে দুই ছাত্রীকে হাজির করার তাগিদ দিলে তারা করুনাকে ফিরে আসতে বলে।
রোববার সন্ধ্যায় শ্যামনগর বাস টার্মিনাল হতে দুই ছাত্রীকে উদ্ধার ও করুনা খাতুনকে আটক করে পুলিশ।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন জানান, উদ্ধারকৃত দুই ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পাচারকারী তিনজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
