সমীর রায়, আশাশুনি: দেশব্যাপী নারী-শিশু উৎপীড়নের প্রতিবাদ ও ফেনী জেলার সোনাগাজীতে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সদরের জনতা ব্যাংক মোড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আশাশুনি প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম প্রমুখ।
বক্তারা দেশব্যাপী নারী-শিশুদের যৌন নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও নুসরাত, তনুসহ সকল হত্যায় জড়িত দোষীদের দ্রুত বিচারের আহ্বান জানান। মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
