গাজী আসাদ: শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান চেতনা-৭১’এ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, আসুন প্রথাগত শিক্ষা থেকে গুণগত শিক্ষার দিকে এগিয়ে যায়। গুণগত শিক্ষা মানে শুধু জানা-বোঝা নয়। এর সাথে আবেগ ও অভ্যাসের সম্পর্ক থাকতে হবে। গুণগত শিক্ষার ৬টি লক্ষ্য রয়েছে। তা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে হবে। ক্রিটিক্যাল হতে হবে। নৈতিক হতে হবে। সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। যোগ্যতা তৈরী করতে হবে এবং স্বাস্থ্য ভালো রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা ধারণ করতে পারলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যায় আমাদের শিক্ষার্থীরা সৃষ্টিশীল হয়েছে। একবার ডেনমার্কে গিয়ে শুনি তাদের বাচ্চারা পড়ালেখার পাশাপাশি প্রবীণদের কাছে গিয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের গল্প শোনে। যেটা আমাদের বাচ্চারা করে না। কিন্তু আমার সে ধারণা আজ পরিবর্তন হয়েছে। আমাদের বাচ্চারাও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। এই স্কুলের ‘চেতনা ৭১’ অনুষ্ঠানেটি একটি রোল মডেল, যেটা দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া উচিত।
তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার বড় সমস্যা হচ্ছে আমরা নম্বর ও রেজাল্টের দিকে দৌড়ায়। কিন্তু তা না করে যদি নৈতিক শিক্ষার দিকে মনযোগ দেই তাহলে বেশী উপকার হবে। এক্ষেত্রে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষকরা যদি ধারাবাহিক মূল্যায়ন করে এতে শিক্ষার্থীদের যেমন উপকার হবে তেমন শিক্ষকদের সম্মান বাড়বে। আজ কেনিয়ার মত দেশের শিক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হয়। কারণ তিনি পড়া-লেখার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতেন এবং ধারাবাহিক মূল্যায়ন করতেন। চেষ্টা করলে তাদের মত আমরাও এগিয়ে যেতে পারি।
শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, জ্ঞান আহরণ, দেশ ও জাতির অবিকৃত সত্য ইতিহাস জানার অধিকার ও সুযোগ সৃষ্টির প্রয়াসে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান চেতনা-৭১’এ প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠক, সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক এম. কামরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারী শিক্ষক গাজী মোমেন উদ্দীন গাজী, সহকারী শিক্ষক কানাইলাল মজুমদার, বিদ্যালয়ের শিক্ষার্থী জয়দীপ আচার্য্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আহমেদ আপন ও পারভেজ ইমাম।
অনুষ্ঠানের প্রথমে শিক্ষার্থীদের পরিচালনায় মুক্তিযুদ্ধের গান ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
