সাতক্ষীরায় সরকারি চিকিৎসা সেবার মান উন্নয়নে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিসহ স্বাস্থ্য খাতের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে নাগরিক আন্দোলন মঞ্চ। বুধবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় ক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, অ্যাডভোকেট শাহেদুজ্জামান, অ্যাডভোকেট সালাউদ্দীন ইকবাল লোদী, জিকো সাইদ, তাঁতী লীগ নেতা শেখ এনামুজ্জামান নিপ্পন প্রমুখ।
সভায় চিকিৎসা সেবার মান উন্নয়নে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, লুণ্ঠনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, দুদক চেয়ারম্যান ও স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ ও ২৩ এপ্রিল সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিল করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে সাতক্ষীরা সদর হাসপতালসহ জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য সরকারি বরাদ্দের প্রায় ১৩ কোটি টাকা কোন প্রকার যন্ত্রাংশ ক্রয় না করেই লুটপাটের ঘটনা প্রকাশ্যে আসে। প্রেস বিজ্ঞপ্তি
