রাইয়ান সাকিল: সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগস্টিকের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে লীগের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, মীর তাজুল ইসলাম, খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী।
এবারের লীগে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৯০টি ক্লাব ও সংস্থা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিন সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে মহমেডান ক্লাব ও দি অকেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং দুপুরে চাঁপড়ার হিন্দোল যুব সংঘ ও কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ মুখোমুখি হয়।
অপরদিকে, একই দিন সকালে সরকারি কলেজ মাঠে ভালুদাচাঁদপুর সবুজ সংঘ ও শহিদ কাজল খোকন স্মৃতি সংসদ এবং দুপুরে পারুলিয়ার ওরিয়েন্ট ক্লাব ও দহকুলা মিতালী সংঘ মুখোমুখি হয়।
সাতক্ষীরা স্টেডিয়ামে মহমেডান ক্লাবের বিপক্ষে দি অকেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ২ উইকেটে জয়লাভ করেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে মহমেডান ক্লাব। জবাবে ১৪ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় দি অকেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
একই ভেন্যুতে দুপুরে চাঁপড়ার হিন্দোল যুব সংঘকে ৬৬ রানে হারিয়েছে কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ। দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ। ১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং নৈপূণ্যে মাত্র ৪৩ রানে অলআউট হয় হিন্দোল যুব সংঘ। ফলশ্রুতিতে, ৬৬ রানের বিশাল জয় তুলে নেয় কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ।
অপরদিকে, সাতক্ষীরা কলেজ মাঠে দিনের প্রথম ম্যাচে ভালুদা চাঁদপুরকে ৯৫ রানে পরাজিত করেছে শহিদ কাজল খোকন স্মৃতি সংসদ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে শহিদ কাজল খোকন স্মৃতি সংসদ। শহিদ কাজল খোকন স্মৃতি সংসদের পক্ষে দুর্দান্ত ইনিংস উপহার দেন খোকন। সর্বোচ্চ ৯৯ রান আসে তার ব্যাট থেকে। জবাবে প্রতিপক্ষের বোলিং তোপে ৯৫ রানে অলআউট হয় ভালুদা চাঁদপুর সবুজ সংঘ। ফলে শহিদ কাজল খোকন স্মৃতি সংসদ ৯৫ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।
একই ভেন্যুতে ওরিয়েন্ট ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করেছে দহকুলা মিতালী সংঘ। দুপুরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিল ও ওহিদুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ওরিয়েন্ট ক্লাব। দহকুলার শাকিল ৩টি ও ওহিদুল ২টি উইকেট লাভ করেন। ৫৪ রানের টার্গেটে নেমে রুমনের ব্যাটে ১০ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দহকুলা মিতালী সংঘ। রুমনের ব্যাট থেকে আসে ৩৭ রান।
