পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদ্রাসার জমির হারির টাকা আত্মসাতসহ নানা অনিয়মের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) জমির হারির টাকা আত্মসাত ও বিভিন্ন কাজে অনিয়মের বিষয়টি উল্লেখ করে মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসার জমিদাতা আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন।
দায়েরকৃত অভিযোগে জানা গেছে, ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলনের পরিবার মাদ্রাসাটিতে ১৪ বিঘা ০৫ শতক জমি দান করেন। যার মধ্যে ৫ শতক জমিতে মাদ্রাসাটি স্থাপন এবং অবশিষ্ট জমি মাদ্রাসার উন্নয়ন তহবিলে অর্থের যোগান সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আব্দুল কাদের নামের এক ব্যক্তির কাছে লিজ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ২৫ বছর যাবৎ শরিফুল ইসলাম মাদ্রাসাটির সভাপতি পদে দায়িত্বরত থাকলেও জমির হারির টাকা মাদ্রাসার তহবিলে বুঝিয়ে না দিয়ে আত্মসাত করেন। তাছাড়া মাদ্রাসায় রেজাউল ইসলাম নামে একজন নৈশপ্রহরী নিয়োগ দেয়া হলেও তার পরিবর্তে অভিযুক্ত বিদ্যোৎসাহী সদস্য আজহারুল ইসলাম নিজেই নামমাত্র কয়েকঘণ্টা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে নিয়োগকৃত ওই নৈশপ্রহরীর টাকা উত্তোলন করছেন। এ সকল বিষয়ে মাদ্রাসার আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন খোঁজখবর নিতে গেলে তাদের সাথে খারাপ আচরণসহ গালিগালাজ করে বের করে দেয়া হয়।
অভিযোগে মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
