ডেস্ক রিপোর্ট: নির্দোষ ছেলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা।
শনিবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবে শ্যামনগর উপজেলা সোরা গ্রামের মাজন মোল্লার ছেলে নুর মোহাম্মদ এই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাছ ধরে আর ফাঁকে ফাঁকে চা বিক্রি করে আমার সংসার নির্বাহ হয়। আমি গরিব তাই আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে স্থানীয় ভেটখালির আরব আলির ছেলে নান্টু গাজি। তিনি জানান, নান্টু গাজির সন্দেহ মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর সাথে আমার ছেলে বজলুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। নান্টু গাজি এমন একটি অভিযোগ দিলে জেলা গোয়েন্দা পুলিশ সম্প্রতি বজলুর রহমানকে ধরে নিয়ে যায়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গোয়েন্দা পুলিশ তাকে মুক্তি দেয়। নুর মোহাম্মদ মোল্লা অভিযোগ করে বলেন, এতে সন্তুষ্ট হতে না পেরে নান্টু গাজি এবার শ্যামনগর থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বজলুর রহমানকে রায়নগর নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ বিষয়ে এসআই রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বজলুর রহমান শ্যামনগর থানার আসামি। ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক হবার পর মামলার প্রধান আসামি বজলুর রহমানের নাম বলেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নান্টুর সাথে তার স্ত্রীর বনিবনা নেই। আর এর দায় চাপানো হয়েছে তার ছেলে বজলুর রহমানের ওপর। তারই প্রতিশোধ নিতে তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হচ্ছে। আর এর নেপথ্য নায়ক নান্টু গাজি। নুর মোহাম্মদ মোল্লা বলেন, নান্টুর বাবা আরব আলি অঢেল সম্পদ ও টাকার মালিক। তার ছেলে টাকার জোরে দরিদ্র বজলুরকে বিনা কারণে জেল খাটাচ্ছে।
তিনি এ বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং একই সাথে তার ছেলে বজলুর রহমানের মুক্তি দাবি করেন।
