কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান আকলিমা খাতুন (লাকী) ও ৩নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ও নলতা ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী সদস্য সালেহা খাতুন শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে আকলিমা খাতুন বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরায় এবং সাইফুল ইসলাম ও সালেহা খাতুন একই সময়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নিকট শপথ গ্রহণ করেন।
প্রসঙ্গত, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আর ১৫ সেপ্টেম্বর চেয়ারম্যান হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর আব্দুল জলিল গাইনকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য কৃষ্ণনগরে নিয়ে গেলে উত্তেজিত জনতার হামলায় তার মৃত্যু হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে, নলতার সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্য সরস্বতী রাণী মৃত্যুবরণ করায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
