আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবল ঝড়ে দোকানঘর, স্কুল, মন্দির, মাদ্রাসা ও অসংখ্য ঘরবাড়ির চাল উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ঘূর্ণিঝড়ে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে প্রচ- বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় এই ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ঝড়ে আশাশুনি সদরের আব্দুল বারির হোটেল ও ঢাকা টেইলাইর্সের টিনের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আশাশুনি হাইস্কুলের পুকুরের পাশের একটি বৃহৎ ইউক্যালেকটর গাছ উপড়ে ডাকবাংলা ভবনের উপর পড়েছে। এছাড়া সদরের পাউবো’র একাধিক নারিকেল গাছ উপড়ে পড়েছে। অপরদিকে পূর্ব কাদাকাটি জেকেটি নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তেতুলিয়া আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামখালী উত্তর পাড়া দুর্গা মন্দির, ঝিকরা দুর্গা মন্দির, করচা খালী বাসন্তি মন্দিরের চাল উড়ে গেছে ও ইটের দেওয়াল ভেঙে পড়েছে।
এছাড়া বুধহাটা, কুল্যা, কাদাকাটির টেংরাখালী, করচা খালী, বলাবনিয়া, তেতুলিয়া, মিত্র তেতুলিয়া, খেজুয়ারডাঙ্গা, ঝিকরা, কাদাকাটি, শাহনগর, ব্রাহ্মণ তেতুলিয়া, মোকামখালী, টেকাকাশিপুর, আশাশুনি, দরগাহপুর, বড়দল, খাজরাসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য দোকানপাট, ঘরবাড়ির চাল উড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
