কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে ২০১৮ সালের পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় দৃষ্টিনন্দন দারিদ্র্যকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শংকরকাটি বাজারে কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।
দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি গোবিন্দপুর কলেজের ইতিহাস বিভাগের সহ-অধ্যাপক আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, সমাজ সেবক মাস্টার সওকাত আলী, জয়নগর মাদ্রাসার মুফতি ফজলুল হক, সমাজ সেবক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী আনোয়ার হোসেন মিন্টু, ঢাকা মেগা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়দুল ইসলাম, শংকরকাটি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আক্তারুজ্জামান, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা ৮৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী ও প্রবীর কুমার রপ্তান। এসময় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
