দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় চাতাল ব্যবসায়ী কওছার আলী সাংবাদিক সম্মেলন করেছেন।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার বেজোরআটি গ্রামের কওছার আলী তার লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে ধানের চাতালের ব্যবসা পরিচালনা করে আসছেন। ২০১৭ সালের ১৭ জুলাই চাতালে কাজ করার শর্তে তিনি আতাপুর গ্রামের আলমগীর হোসেন নামের এক ব্যক্তির কাছে দাদন বাবদ ৮৫ হাজার টাকা দেন। এই মোতাবেক তার সাথে আলমগীর হোসেন ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করে। কিন্তু আলমগীর তার টাকা গ্রহণ করার পরেও চুক্তি ভঙ্গ করে তার চাতালে কাজ না করে অন্য স্থানে কাজ করে। পরে আলমগীরের কাছে টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করে। এ ঘটনায় তিনি গত ২৫-১০-২০১৮ তারিখে আলমগীরের বিরুদ্ধে বিজ্ঞ আমলী ৭নং আদালতে ৪২০/৪০৬ ধারায় একটি মামলা করেন। মামলাটি বিজ্ঞ আদালত দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করার দায়িত্ব অর্পণ করেন। কিন্তু দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা পক্ষপাত মূলকভাবে তার কাগজপত্র এবং মামলার স্বপক্ষের প্রমাণাদী না দেখেই এক তরফাভাবে মামলার বিবাদীর পক্ষে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন বলে তিনি গোপন সূত্রে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তাকে কোনভাবে পাত্তা দেননি। এ বিষয়ে সুষ্ঠু বিচার এবং টাকা যাতে ফেরত পান তার সুব্যবস্থা গ্রহণে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
