জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের বংশীপুরে দুই দিনব্যাপী বারুণী মহাস্নান উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর যমুনা নদীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব শুরু হয়। দিনের আলো ফুটতে না ফুটতেই পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা যমুনা নদীর তীরে জড়ো হন। দলবেঁধে তাঁরা যমুনায় স্নান শুরু করেন। আজ বুধবার (৩ এপ্রিল) সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান উৎসব।
সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই দিনে নদীতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরিতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তাঁরা। উপজেলার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেয়। এদিকে প্রতিবছরের মতো এবারও স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী স্নান উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করেছে। এ ব্যাপারে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এখানে আসে। প্রতিবছরের ন্যায় এর ব্যতিক্রম হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্য ক্যাম্পসহ বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
