সাতক্ষীরা পৌরসভা সাপ্লাইকৃত পানির মূল্য দ্বিগুণ করার প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বর, সুলতানপুর বড় বাজার সড়কসহ শহরের বিভিন্ন স্থানে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওসমান গণি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য স্বপন কুমার শীল প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এদিকে সংযোগ থাকা সত্ত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়ই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
