ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী নৌকার পক্ষে কাজ করতে আমাদের নিষেধ করেছিলেন। তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নিজে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য ষড়যন্ত্রে নামেন। কিন্তু আওয়ামী লীগের সমর্থন না পেয়ে তিনি জামায়াত-বিএনপি ক্যাডারদের সাথে যোগসাজশ করে নিজে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফিরোজ ইফতেখার, সম্পাদক আশিক ইকবাল ও সদস্য আবদুল আলিম।
সংবাদ সম্মেলনে শাহ আলম তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সালে যারা সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল সাঈদ মেহেদি তাদেরকে এলাকায় ফিরিয়ে এনে সকল প্রকার সাপোর্ট দেন। বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি মোসলেমউদ্দিন হত্যাকারীদের সাথে নিয়ে মাঠে নামেন এবং শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে পরাজিত করতে জামায়াত ও বিএনপির ক্যাডারদের উদ্বুদ্ধ করেন। যেসব ত্যাগী নেতা আওয়ামী লীগের আদর্শকে বিসর্জন দিয়ে সাঈদ মেহেদীর পক্ষে কাজ করেননি তাদের খুন জখমের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াত বিএনপির সহযোগিতায় ও ষড়যন্ত্রের মাধ্যমে সাঈদ মেহেদী চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন, যারা নৌকার পক্ষে কাজ করেছিলেন তাদের খুঁজতে শুরু করে সাঈদ মেহেদীর ছত্রছায়ায় থাকা জলিল সরদার, আকুল মীর, আফসার উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান। তাদের হুমকি ধামকিতে এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। ২৭ মার্চ রাতে তারা সাঈদ মেহেদীর নির্দেশে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিনের ওপর হামলা করে। তারা তাকে পিটিয়ে আহত করে। রিয়াজউদ্দিন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে জামায়াত বিএনপির আশ্রয়দাতা সাঈদ মেহেদীসহ তার দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, ২০১৩ সালে উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীকে জামায়াত-বিএনপির তা-বের হাত থেকে রক্ষা করতে একমাত্র আমিই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তাই এখন আওয়ামী লীগে নেতার অভাব নেই।
তিনি আরও বলেন, আগামীতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। তাই তারা আমার বিরুদ্ধে নানা নাটকীয় অভিযোগ উত্থাপন করে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের সেই ষড়যন্ত্র রুখে দেবে।
