কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্ভাবনী কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা, গোবিন্দকাটি, বাঁশদাহ, ঘোজাডাঙ্গা, বেড়াখালী গ্রামকে স্মার্ট পোল্ট্রি ভিলেজ ঘোষণা করা হয়েছে।
‘সোনালী মুরগীতে সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় গোবিন্দকাটি হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের অর্থায়নে প্রাণিসম্পদ মাঠ স্কুল ও উল্লিখিত গ্রামগুলোকে স্মার্ট পোল্ট্রি ভিলেজ ঘোষণা করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, বর্তমানে শহর, উপ-শহর এবং গ্রামেও বাণিজ্যিক ভিত্তিতে মুরগীর খামার গড়ে উঠেছে। পোল্ট্রির খামার এমন একটি ব্যবসা যেখানে অল্প দিনে ভাল আয় করা সম্ভব। মুরগীর ডিম ও মাংস শুধু সুস্বাদু নয়, আমিষ সমৃদ্ধ খাদ্য। খামারে অল্প টাকা বিনিয়োগ করে অধিক আয় করা যায়। পোল্ট্রির খামার করে এলাকার নারী সমাজও স্বাবলম্বী হতে পারে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরীম আলী ও গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম ও পোল্ট্রি খামারীগণ অংশ নেন।
