গাজী আল ইমরান, শ্যামনগর: সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত মৌয়াল ও বাওয়ালীরা বন বিভাগ থেকে পাশ নিয়ে মধু আহরণ করতে পারবেন। সোমবার (১ এপ্রিল) সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শ্যামনগরের বুড়িয়োগালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে ‘সচেতন বনজীবী নিরাপদ সুন্দরবন’ প্রতিপাদ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই মধু আহরণ মৌসুম উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসীন-উল-মুলক, সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ, নৌ-পুলিশের ওসি ওনিমেশ হালদার, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, সাংবাদিক আহসানুর রহমান রাজীব, সোনার বাংলার পরিচালক নাজমুস সাদাত পলাশ বেডস’র শান্তানু বিশ্বাস প্রমুখ।
সভায় মৌয়াল ইকবাল হোসেন মন্টু বনের ভিতর মধু আহরণ, একই সাথে সকলের পাশ পারমিট পাওয়া এবং ১৪ দিনের বেশি সময় পাশ পারমিট দেওয়ার দাবি জানান। 
জবাবে বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরসন করবেন বলে আশ্বস্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সোমবার (১ এপ্রিল) থেকে ১৫ জুন পর্যন্ত মধু আহরণ মৌসুম চলবে। চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে ৩ হাজার মণ মধু ও এক হাজার মন মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তারা বনজীবীদের বিজ্ঞানসম্মত উপায়ে মধু আহরণের আহবান জানান।
অতিথিরা অনুষ্ঠান শেষে সুন্দরবনের কলাগাছিয়া গিয়ে মৌচাক কেটে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্টেশন কর্মকর্তা কে এম কবির হোসেন, শ্যামনগর প্রেস ক্লাবের উপদেষ্টা আবু সাইদ, গাজী সালাউদ্দীন বাপ্পী, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান প্রমুখ।
