ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট কেজি ভারতীয় রূপাসহ প্রায় ২৬ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার রাতে কালিয়ানী বিওপি’র সদস্যরা ৬০০ টাকা মূল্যের ২০ পিস ভারতীয় হারমনি সাবান এবং ৬,৮৪০ টাকা ২২৮০টি ভিভেল শ্যাম্পু জব্দ করে।
এদিকে, সোমবার পদ্মশাখারা বিওপি’র সদস্যরা হাড়দ্দা এলাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ০৪টি ভারতীয় গরু উদ্ধার করে। একইদিন তলুইগাছা বিওপি’র সদস্যরা চারাবাড়ী এলাকা থেকে ১৭ হাজার পাঁচশ টাকা মূল্যের ০৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ছয় লক্ষ পঁচাশি হাজার সাতশত ষাট টাকা মূল্যের ০৮ কেজি ভারতীয় রূপা জব্দ করে।
অন্য দিকে, একই বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কুঠিবাড়ী থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কাপড়, খেয়াঘাট এলাকা থেকে এক লক্ষ টাকা মূল্যের ৫০ পিস ভারতীয় শাড়ী, কুঠিবাড়ী এলাকা থেকে ১৬ হাজার পাঁচশ টাকা মূল্যের ১১ বোতল ভারতীয় মদ ও গাড়াখালী থেকে নয় লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া সোমবার ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া থেকে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও হিজলদী বিওপি’র সদস্যরা তালতলা মাঠ এলাকা থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ১২০ পিচ ভারতীয় শাড়ী জব্দ করেছে।
