ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় জুতা, কাপড়, ফেনসিডিল, চা-পাতা, পাতার বিড়ি এবং মোবাইল সেট জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার বিকালে ভোমরা বিওপি’র সদস্যরা বাশকল এলাকা থেকে ৩৫ জোড়া ভারতীয় জুতা এবং শনিবার ঘোষপাড়া এলাকা থেকে ১৩০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ০১টি মোবাইল সেট এবং ০৪টি মোবাইল ও শ্রীরামপুর পাঁকা রাস্তা থেকে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করে।
এদিকে, শুক্রবার রাতে কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে এক লক্ষ ষাট হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করে।
অপরদিকে, শনিবার ভোর রাতে কুশখালী বিওপি’র সদস্যরা খইতলা মাঠ এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
একইদিন ভোর রাতে হিজলদী বিওপি’র সদস্যরা বেলী মাঠ এলাকা থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বরালী স্লুইস গেট এলাকা থেকে ২৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অন্যদিকে, শনিবার ভোররাতে তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনডাংগা এলাকা থেকে ৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
