সমীর রায়, আশাশুনি: ৮ দলীয় আশাশুনি প্রিমিয়ার লীগ (এপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে আশাশুনি ইউনাইটেড ক্লাব।
শুক্রবার (২৯ মার্চ) আশাশুনি হাইস্কুল মাঠে চলমান সংঘের আয়োজনে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আশাশুনি ইউনাইটেড ক্লাব। নির্ধারিত ওভারে তারা ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয়। জবাবে সোদকনা টিম সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান তুললে ১৮ রানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আশাশুনি ইউনাইটেডের রেজোয়ান হোসেন ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে একই দলের খায়রুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
প্রভাষক জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে খেলা শেষে চলমান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন দলকে ৪ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চলমান সংঘের কর্মকর্তা রাসেদুল ইসলাম তাহের, রবিউল ইসলাম ছোট, আব্দুস সামাদ বাচ্চু, ফরহাদ হোসেন খোকা, কামরুজ্জামান সাকিল, মাসুদুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম প্রমুখ।
